কেমোথেরাপির মাঝেও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটছে তানিয়া বৃষ্টির
বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন ধরে অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হওয়ার পর চলছে তার কেমোথেরাপি। তবে বর্তমানে আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি। চিকিৎসার পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটিয়ে নিজেকে নতুন করে উপভোগ করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি প্রকাশ করেছেন তানিয়া বৃষ্টি। এসব ছবিতে কখনো রোদ পোহাতে, কখনো প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকতে আবার কখনো রিসোর্টের সিঁড়ি দিয়ে হাঁটতে দেখা গেছে তাকে। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেও ফুটে উঠেছে তার প্রশান্তির অনুভূতি।
গত ৪ অক্টোবর সকালে একটি রিসোর্টের দোলনায় বসা ছবি প্রকাশ করে তানিয়া লিখেছেন, ‘একটি সুন্দর সকাল, একটি প্রশান্ত মন।’ এরপর ৬ অক্টোবর থেকে একই রিসোর্ট থেকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি।
একটি ছবিতে নীল ডেনিম স্কার্ট ও সাদা টপস পরে রোদ পোহাতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘বাস্কিং ইন দা সানলাইট’, যার অর্থ রোদ্রস্নান করা।
প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা আরেকটি ছবির ক্যাপশনে তানিয়া লিখেছেন, ‘সামহোয়ার বিটুইন ন্যাচার অ্যান্ড সেরেনিটি’, অর্থাৎ প্রকৃতি ও প্রশান্তির মাঝে। বেজ রঙের গাউন ও ব্লেজার পরা আরেকটি ছবিতে চোখ বন্ধ করে রোদের আভা উপভোগ করতে দেখা যায় তাকে। সেখানে ক্যাপশন ছিল, ‘গোল্ডেন লাইট, কোয়ায়েট সোল’, অর্থাৎ সোনালি আলোতে শান্ত আত্মা।
এ ছাড়া গাছের আড়াল থেকে উঁকি দেওয়া কিংবা সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নামার কিছু ছবিতেও ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন অভিনেত্রী।
তানিয়ার সাম্প্রতিক ছবিগুলোতে প্রকৃতির কাছাকাছি থাকার পাশাপাশি এক ধরনের প্রশান্তির ছাপ স্পষ্ট। তার এসব মুহূর্ত দেখে ভক্তরাও তার দ্রুত সুস্থতার প্রত্যাশা করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সারা বছর শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায়, তিনি মস্তিষ্কের টিউমারে আক্রান্ত। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে তার টিউমার অপসারণ করা হয়।
পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তানিয়া। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয় তার। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তিনি। এরপর থেকে বিশ্রাম ও চিকিৎসার মধ্যেই রয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের শারীরিক অবস্থার বিষয়ে তানিয়া জানিয়েছিলেন, তিনি অসুস্থ ছিলেন, তবে এখন অনেকটা ভালো আছেন। বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস শেষ হয়েছে এবং এখন চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে। আরও দুই মাস চিকিৎসা চলার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন চিকিৎসক।
চিকিৎসকের পরামর্শে বর্তমানে বিশ্রামে রয়েছেন তানিয়া বৃষ্টি। তবে খুব শিগগিরই কাজে ফেরার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।