কাফনের কাপড় ও আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বাকের মজুমদারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাঁর বাড়ির পাশে কাফনের কাপড়, আতর, লোবান ও হুমকিসংবলিত চিরকুটসহ একটি বাক্স পাওয়া গেছে।
গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাক্সটি রেখে যায় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে নিজ বাড়ির পাশ থেকে বাক্সটি উদ্ধার করেন তাঁর স্বজনেরা।
বাক্সে পাওয়া চিরকুটে আবু বাকের মজুমদারকে উদ্দেশ করে লেখা হয়, ‘মি. বাকের মজুমদার, তুই বঙ্গনেত্রীকে হত্যার জন্য স্নাইপার রাইফেল দিয়ে কী করিয়েছিস, জাতি আজ বুঝতে পেরেছে। তাই তোকে শেষ সংবাদ দিচ্ছি-মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিছু মসলা দিয়েছি, বুঝে নিস। তোর পুরো এলাকা জ্বালিয়ে দেব। তোকে কবরে পাঠাব।’
চিরকুটের শেষাংশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ছিল।
এ ঘটনায় বরুড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আবু বাকের মজুমদার ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ভয়ভীতি বা সহিংসতা দিয়ে জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থান দমিয়ে রাখা যাবে না। যেকোনো হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনীতি হতে হবে যুক্তি, আদর্শ ও জনগণের সমর্থনের ভিত্তিতে।
আবু বাকের মজুমদার বলেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাড়ির পাশে কাফনের কাপড় রেখে গেছে দুর্বৃত্তরা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে লাভ হবে না। তাঁরা বুলেটের সামনে লড়াই করে বিজয়ী হয়েছেন। পরাজিত শক্তিকে বাংলাদেশের মানুষই রুখে দেবে।
থানায় অভিযোগের বিষয়ে আবু বাকের জানান, এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি জানাননি। এ বিষয়ে কী করা যায়, তা ভাবছেন।
অন্যদিকে আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব জানান, রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো একসময় বাড়ির পাশে বাক্সটি রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। সকালে বাক্স খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। বিষয়টি ছবি ও ভিডিওসহ বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, হোয়াটসঅ্যাপে কিছু ছবি ও ভিডিও পেয়েছেন। তবে কে বা কারা পাঠিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।