| | |

রাজনীতি

ফটিকছড়ির বিএনপির শক্ত ঘাঁটিতে প্রকাশ্যে যুবলীগের মিছিল, ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা।

২০ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত এ মিছিলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতাকর্মী।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, নানুপুর দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এমন এলাকায় প্রকাশ্যে যুবলীগের মিছিল হওয়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তাদের প্রশ্ন, নানুপুরের মতো এলাকায় দিনের বেলায় কীভাবে এমন রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ তৈরি হলো? দলের সাংগঠনিক অবস্থান ও মাঠপর্যায়ের নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মিছিলের ঘটনায় বিশেষ করে নুরুল করিম ও অর্থের যোগানদাতা নেজাম মাহমুদের ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী।

তাদের অভিযোগ, নুরুল করিমের নেতৃত্বে এবং নেজাম মাহমুদের অর্থায়নে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিকভাবে চিহ্নিত এসব ব্যক্তি কীভাবে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন এবং তাদের কর্মকাণ্ডের পেছনে কারা সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থানীয় এক নেতা বলেন, গত দুই বছরে এলাকায় এ ধরনের প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি পালনের সাহস কাউকে দেখাতে দেখা যায়নি। অথচ এখন দিনের আলোয় এমন মিছিল হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এর আগের দিন বিএনপির একটি মিছিলে সামনের সারিতে আওয়ামী লীগের এক ব্যক্তিকে দেখা যায়। এ সময় এক বিএনপি কর্মীর সঙ্গে তার ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মিছিলকারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি