| | |

রাজনীতি

নাশকতার নেপথ্যে সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৫ জন, গোয়েন্দা তথ্য

বাসে আগুন, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণসহ সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ ৩৫ জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দারা। তাঁদের মধ্যে ৯ জন অর্থের জোগানদাতা হিসেবে কাজ করছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতা মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহিংস পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। সর্বশেষ গত শনিবার রাত থেকে গোপালগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে সড়ক অবরোধ করে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার লগি-বইঠা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।

এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে এক দিনেই দেশের ২৮টি জেলায় বাস ও ট্রেনে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নাশকতার সঙ্গে জড়িতদের মধ্যে চাকরিচ্যুত সরকারি কর্মকর্তারাও রয়েছেন। কারা, কীভাবে ও কোথায় ককটেল তৈরি করছেন, সে তথ্যও গোয়েন্দাদের হাতে এসেছে। জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে চারজনের নাম এসেছে। তাঁদের মধ্যে দুজন সাবেক মন্ত্রী, একজন সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং অন্যজন সাবেক আমলা।

এ ছাড়া নাশকতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে ১১ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন জেলার আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন নেতা রয়েছেন।

ঢাকাকেন্দ্রিক নাশকতার পেছনে সাবেক এক মন্ত্রী, পুরান ঢাকার সাবেক এক সংসদ সদস্য, সাবেক এক মেয়র ও নিষিদ্ধ যুবলীগের এক নেতার ভূমিকা রয়েছে বলে গোয়েন্দা সূত্রের দাবি।

চট্টগ্রামে নাশকতার নেপথ্যে সাবেক এক মন্ত্রী, ফেনীর সাবেক এক সংসদ সদস্য এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের নাম এসেছে। এ ছাড়া তালিকায় আরও আট নেতার নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আওয়ামী লীগ-সমর্থক কয়লা ব্যবসায়ীদের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্য দেশে আনা হচ্ছে। কয়লাবাহী গাড়িতে করে এসব বহন করা হয়। এ ক্ষেত্রে বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দর এবং সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমসেরনগর, কসবা ও আখাউড়া সীমান্ত এলাকা ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে এসব ককটেল তৈরি করা হচ্ছে।

এদিকে, সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক বৈঠকে দেশের সব সীমান্ত জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাতে সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্দেহভাজন কেউ দেশে প্রবেশ করতে না পারে। পাশাপাশি সারা দেশে বিশেষ অভিযান জোরদার এবং নাশকতাসংক্রান্ত মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে দোষীদের সাজা কার্যকর হওয়া পর্যন্ত তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্যাটাগরি