| | |

কর্পোরেট

পার্কভিউ হাসপাতালে প্রসূতির জটিল রোগ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

 

 

চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডে প্রসবকালীন ও প্রসব-পরবর্তী জটিলতা, বিশেষ করে পেরিপার্টাম ডিসেমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন (DIC) এবং মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতালের ১২ তলার কনফারেন্স হলে ‘Peripartum DIC with Multi Organ Dysfunction Following LSCS – The Miraculous Recovery – A Case Report’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জটিল প্রসূতি রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা, দ্রুত রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসাসেবার গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গাইনি ও অবস্টেট্রিকস, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হেমাটোলজি এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. জাহানারা বেগম শিখা। তিনি একটি জটিল প্রসূতি রোগীর চিকিৎসা, সংকটাপন্ন অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া এবং এ ধরনের পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম। সেমিনার সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মারিনা আরজুমান্দ।

সেমিনারে প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার, অধ্যাপক ডা. শোয়েলা শাহনাজ, একই বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ডা. শর্মিলা বড়ুয়া চৌধুরী, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের গাইনি ও ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. আফরোজা চৌধুরী এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুসলিনা আক্তার।

এ ছাড়া বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাইফুল আজম সাজ্জাদ, পার্কভিউ হসপিটালের হেমাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. জামাল উদ্দিন তানিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আশরাফুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ডা. রফিকুল হাসান, সহকারী অধ্যাপক ডা. তফিকুর নাহার মোনা, ডা. মো. আশেক এলাহী, কনসালট্যান্ট ডা. সাইমা আলমসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, পেরিপার্টাম DIC একটি জটিল ও জীবনসংকটাপন্ন চিকিৎসাগত অবস্থা, যা প্রসবকালীন বা প্রসব-পরবর্তী সময়ে দেখা দিতে পারে। এর সঙ্গে মাল্টি-অর্গান ডিসফাংশন যুক্ত হলে রোগীর চিকিৎসা আরও জটিল হয়ে ওঠে। এ পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয়, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় রক্ত ও রক্তের উপাদান সরবরাহ এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একটি জটিল প্রসূতি রোগীর চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার ঘটনা (কেস রিপোর্ট) কেন্দ্র করে আয়োজিত এ সেমিনারে চিকিৎসার বিভিন্ন ধাপ, অভিজ্ঞতা এবং সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, মা ও নবজাতকের জীবন রক্ষায় সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ, আন্তবিভাগীয় সমন্বয় এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রয়োগ অত্যন্ত জরুরি। এ ধরনের বৈজ্ঞানিক আলোচনা চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক।

সভাপতির বক্তব্যে ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। বিশেষ করে মা ও নবজাতকের জীবন রক্ষায় জটিল প্রসূতি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও আন্তবিভাগীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতে রোগীদের আরও উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে। চট্টগ্রামের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পার্কভিউ হাসপাতালের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, জটিল রোগ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিষ্ঠানটি ISO 15189 অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং সমন্বিত স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে কাজ করছে।

সেমিনারের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম।

ক্যাটাগরি