পার্কভিউ হাসপাতালে হৃদরোগ চিকিৎসায় যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি
চট্টগ্রামে হৃদরোগ চিকিৎসায় নতুন মাইলফলক যুক্ত হয়েছে। জটিল হৃদরোগ নির্ণয় ও চিকিৎসার সক্ষমতা বাড়াতে পার্কভিউ হাসপাতাল লিমিটেডে চালু হয়েছে বিশ্বখ্যাত মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠান Boston Scientific-এর অত্যাধুনিক AVVIGO™+ HD IVUS (Intravascular Ultrasound) এবং FFR (Fractional Flow Reserve) প্রযুক্তি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চট্টগ্রামে প্রথম এবং বাংলাদেশে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই প্রযুক্তি চালু করেছে পার্কভিউ হাসপাতাল।
শনিবার (৭ নভেম্বর) পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে নতুন এই প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আ.ই.এন.এম. জাহাঙ্গীর সেলিম, সহকারী অধ্যাপক ডা. ইকবাল মাহমুদ এবং হাসপাতালের কনসালট্যান্ট ডা. মো. শওকত হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, AVVIGO™+ HD IVUS প্রযুক্তির মাধ্যমে হৃদপিণ্ডের রক্তনালির ভেতরের অবস্থা বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা যায়। অন্যদিকে FFR প্রযুক্তির সাহায্যে রক্তনালির সংকোচন হৃদপিণ্ডে রক্তপ্রবাহে কতটা বাধা সৃষ্টি করছে, তা নির্ণয় করা সম্ভব। ফলে জটিল করোনারি এনজিওপ্লাস্টির ক্ষেত্রে চিকিৎসকদের আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এই প্রযুক্তি।
নতুন এই প্রযুক্তি চালুর মধ্য দিয়ে চট্টগ্রামে উন্নত হৃদরোগ চিকিৎসার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছে পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ।