চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার বিপুল চন্দ্র দে
চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে অক্টোবর মাসের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফটিকছড়ির উত্তরের ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় এ স্বীকৃতি দেওয়া হয়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাঁর হাতে সম্মাননা প্রদান করা হয়।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দক্ষতা ও সাফল্যের ভিত্তিতে তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, এ অর্জন শুধু তাঁর একার নয়; ভূজপুর থানা ও তদন্ত কেন্দ্রে কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কর্মপরিবেশের উন্নয়ন, কল্যাণ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা ও বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।