| | |

আর্ন্তজাতিক

আফগানিস্তানের সীমান্তে পাকিস্তানের ফের হামলা, হতাহতের দাবি

আফগানিস্তানের সীমান্ত এলাকায় আফগান তালেবান যোদ্ধাদের একাধিক সেনা চৌকি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। শুক্রবার (৩০ অক্টোবর) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার এলাকা থেকে এসব হামলা চালানো হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার আফগান সেনারা কোনো ধরনের উসকানি ছাড়াই আঙ্গুর আড্ডা সীমান্ত এলাকায় গুলিবর্ষণ করে। এর জবাবে শুক্রবার আফগান বাহিনীর বিভিন্ন অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি সেনারা।

পাকিস্তানের সেনা সূত্রের দাবি, হামলার মুখে আফগান সেনারা নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যায়। এ সময় বেশ কয়েকজন আফগান সেনা নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

এর আগে গত বুধবার আঙ্গুর আড্ডা এলাকায় আফগান সেনাদের গুলিবর্ষণে একজন নিহত এবং একই পরিবারের বেশ কয়েকজন আহত হন বলে দাবি করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ওই ঘটনার দিনই পাকিস্তান পাল্টা হামলা চালিয়েছিল। শুক্রবার আবারও নতুন করে হামলা চালানো হলো।

দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার জানিয়েছেন, গত বুধবার কোনো উসকানি ছাড়াই আফগান সেনারা আঙ্গুর আড্ডা বাজার এলাকায় গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই উত্তেজনা ইতোমধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

ক্যাটাগরি