ফটিকছড়িতে প্রবারণা পূর্ণিমায় বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শনে এমপি সরোয়ার আলমগীর
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি পাইন্দং, নানুপুর, জাফতনগর ও আব্দুল্লাহপুরসহ উপজেলার বিভিন্ন এলাকার বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এ সময় তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করেন এবং প্রতিটি বিহারে ফানুস উড়িয়ে উৎসবে অংশ নেন।
বিহার পরিদর্শনকালে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা কে কোন ধর্মের মানুষ, তা বিবেচনা না করে মানুষ হিসেবে মানুষকে গণ্য করব। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই মিলে বাংলাদেশ। সবাই বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলব।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব হবে। সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমর্থনের কথা উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, “এ অঞ্চলের বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা, সাঁওতালসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত করেছেন। আপনাদের এ ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাচ্ছি।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব ও তরুণ বিএনপি নেতা রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, আবু আজম তালুকদার, আজিজ উল্লাহ, মোজাহারুল ইকবাল লাভলু, ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি অঞ্জন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু রিটন বড়ুয়া, দিবাকর বড়ুয়া চন্দ্রন, ধঞ্জয় বড়ুয়া রুবেল, সুমন অলংকার বৌদ্ধ, পবিত্র বড়ুয়া, তরুন কান্তি বড়ুয়া, জীবক বড়ুয়া, সেফু বড়ুয়া অপূর্ব, বিশ্বজিৎ বড়ুয়া ও হিরু বড়ুয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।