| | |

চট্টগ্রাম

উদালিয়া চা-বাগানে ১০০ শিক্ষার্থীর পাশে চট্টগ্রাম বন্ধুসভা

‘আলো ছড়াক প্রতিটি প্রাণে’—এই প্রত্যয় সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানের ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগানো এবং তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। আয়োজকেরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম বন্ধুসভার সদস্যদের পাশাপাশি উদালিয়া চা-বাগানের কর্মকর্তা এবং আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আয়োজনে অংশ নেন শিক্ষক বন্ধু পল্লবী খাস্তগীর, ইরফাতুর রহমান, নুরুজ্জামান খান পাপ্পু, সাকিব জিশান রনিক, প্রান্তিকা পূজা, সামিয়া সুলতানা নাদিরা ও শাহাদাত হোসেন ইমন।

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক এস. এম. আক্কাস, উদালিয়া চা-বাগানের এজিএম মো. নাদিম খান, ব্যবস্থাপক সমীরণ মৃধা, সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ ওমর ফারুক এবং বিদ্যালয়ের শিক্ষকেরা।

চট্টগ্রামের চা-বাগানগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও প্রয়োজনীয় অবকাঠামোর সংকটের কারণে শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমন বাস্তবতায় পিছিয়ে থাকা শিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।

আয়োজকেরা জানান, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব, সম্প্রীতি, সমতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সমাজের পিছিয়ে থাকা শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা জোগানোই এ উদ্যোগের উদ্দেশ্য।

ক্যাটাগরি