‘রাকা’ সিনেমায় থাকছেন কি না, জানালেন ম্রুনাল ঠাকুর
বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। সম্প্রতি গুঞ্জন উঠেছে, পরিচালক অ্যাটলি কুমারের ‘রাকা’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যেতে পারে তাঁকে। তবে এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ম্রুনাল।
এক সাক্ষাৎকারে ‘রাকা’ সিনেমায় অভিনয়ের বিষয়ে প্রশ্ন করা হলে ম্রুনাল বলেন, ‘আপনারা যে ধরে নিচ্ছেন আমি রাকায় অভিনয় করছি, এটা আমার বেশ ভালো লাগছে! আমার আগামী সিনেমাগুলোর ঘোষণা খুব শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেব। আশা করি, তাতে এসব গুঞ্জনের অবসান হবে।’
এ বক্তব্যের পরও সিনেমাটিতে তাঁর অভিনয়ের বিষয়টি নিয়ে রহস্য রয়ে গেছে।
ম্রুনাল আরও বলেন, তিনি কাজের পুরো প্রক্রিয়া উপভোগ করতে চান। তাঁর মতে, প্রতিটি কাজেরই কিছু ধাপ থাকে। কোনো কাজ সফল না হলেও সেখান থেকে নতুন কিছু শেখার সুযোগ থাকে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুনালের নতুন সিনেমা ‘পূজা মেরি জান’। বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন তিনি।
ম্রুনাল এমন সিনেমায় কাজ করতে চান, যা দর্শকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তাঁর ভাষ্য, এমন গল্পের অংশ হতে চান, যা মানুষকে সমস্যা কাটিয়ে উঠতে, দৃঢ় সিদ্ধান্ত নিতে এবং আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করবে।