| | |

পর্যটন

‘জাদুকর’ থেকে বিয়ে, এক দশক পর আলাদা পথে প্রীতম-শেহতাজ

বাংলাদেশের শোবিজ অঙ্গনের আলোচিত জুটি প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের সম্পর্কের শুরু ও পরিণয়ের গল্প নিয়ে আলোচনা চলছে। দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্ক এবং চার বছরের দাম্পত্য জীবনের পর দুজনের আলাদা হয়ে যাওয়ার খবরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।

রোববার (৪ অক্টোবর) রাতে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের খবর জানান প্রীতম ও শেহতাজ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পুরোনো ছবি ও স্মৃতি নিয়ে নানা পোস্ট দিতে দেখা যায় ভক্তদের। একসময় যেসব মুহূর্ত তাদের সম্পর্কের সাক্ষী ছিল, সেসব এখন ফিরে দেখছেন অনুরাগীরা।

তাদের সম্পর্কের শুরু হয়েছিল ২০১৭ সালে। সে বছর প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন শেহতাজ। ওই কাজের সূত্র ধরেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে গড়ায়। তবে শুরুর দিকে বিষয়টি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন তারা।

পরে এক সাক্ষাৎকারে প্রীতম জানিয়েছিলেন, ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময়ই শেহতাজের সরলতা তাকে আকৃষ্ট করেছিল। শেহতাজের প্রতি নিজের ভালো লাগার বিষয়টি সরাসরি তাকে জানানোর পাশাপাশি তার মায়ের কাছেও বিয়ের ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে শেহতাজও জানিয়েছিলেন, প্রচলিত অর্থে কোনো প্রেমের প্রস্তাব দেননি প্রীতম। বরং সরাসরি তাকে বিয়ে করতে চান বলে জানিয়েছিলেন। এরপর শেহতাজের মায়ের কাছেও বিষয়টি জানান তিনি। পরিবারের সম্মতির পর ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হয়।

প্রায় পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রীতম ও শেহতাজ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে তাদের বিয়ে হয়।

বিয়ের পরও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে কাটানো মুহূর্ত ও খুনসুটির ছবি-ভিডিও ভক্তদের নজর কেড়েছে। ফলে বিচ্ছেদের খবর অনেকের কাছেই এসেছে আকস্মিকভাবে।

দীর্ঘ প্রায় ১০ বছরের সম্পর্কের পর এবার সেই সম্পর্কের ইতি টানলেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর পুরোনো সেই প্রেমকাহিনিই এখন নতুন করে আলোচনায়।

ক্যাটাগরি