মিয়ানমারে পাচারের সময় সাড়ে ৩৭ টন সিমেন্টসহ আটক ১
চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৩৭ হাজার ৫০০ কেজি (সাড়ে ৩৭ টন) সিমেন্টসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, মিয়ানমারে পাচারের সময় সাড়ে ৩৭ টন সিমেন্টসহ একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে। জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।