| | |

সারাদেশ

ব্যবসার টাকা নিয়ে বিরোধ, বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

 

চট্টগ্রামের পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবা রহিম উল্লাহকে (৬৩) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মো. রামিনের (২১) বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক থাকা রামিনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, নিহত রহিম উল্লাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় বসবাস করতেন। বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকার আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড়চোপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন তিনি।

বাবার কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন রামিন। তবে বিক্রির টাকা বাবাকে ঠিকমতো না দিয়ে অপ্রয়োজনে খরচ করতেন তিনি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল।

গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে ব্যবসার টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন বাবাকে মারধর করেন। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দিলে বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান তিনি।

এর প্রায় তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে আবারও বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রামিন তার বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রহিম উল্লাহ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১১ নভেম্বর পতেঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় রামিনকে প্রধান আসামি করা হয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ঘটনার পর থেকেই রামিনকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি