সাজেকে আবারও গুলির ঘটনা, ইউপিডিএফ কর্মীর স্ত্রী আহত; আতঙ্কে স্থানীয়রা
সাজেকে আবারও গুলির ঘটনা, ইউপিডিএফ কর্মীর স্ত্রী আহত; আতঙ্কে স্থানীয়রা
শুকনাছড়ায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অরুনা চাকমা (৩০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে পরিচিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী সুরেশ চাকমার স্ত্রী। সোমবার (৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনার পর শুকনাছড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার হঠাৎ একদল অজ্ঞাত বন্দুকধারী শুকনাছড়া এলাকায় অতর্কিত গুলি চালায়। এ সময় অরুনা চাকমা গুলিবিদ্ধ হয়ে হাত ও পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত অরুনা চাকমার স্বামী সুরেশ চাকমা ইউপিডিএফের কর্মী হিসেবে পরিচিত। তিনি বর্তমানে চাঁদাবাজির মামলায় কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে সাজেকসহ রাঙামাটির বিভিন্ন দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে আঞ্চলিক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতার অভিযোগ রয়েছে। বিভিন্ন পক্ষের বিরোধ ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে এসব এলাকায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের আশঙ্কা, পাহাড়ের রাজনৈতিক বিরোধ সশস্ত্র সংঘাতে রূপ নিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। আধিপত্য বিস্তার কিংবা প্রতিশোধের রাজনীতির জেরে প্রাণহানি ও রক্তপাতের পাশাপাশি নারী, শিশু ও পরিবারের সদস্যদেরও নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে হয়।
গুলির ঘটনার পর থেকে শুকনাছড়া ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দুর্গম জনপদে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।