| | |

চট্টগ্রাম

দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর

ফটিকছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

মহাসপ্তমীতে তিনি বাগানবাজার, রামগড় চা-বাগান, দাঁতমারা, নারায়ণহাট ও ভুজপুরসহ সংসদীয় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সরোয়ার আলমগীর বলেন, “আমি আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২০অক্টোবর চট্টগ্রামে আসবেন আপনাদের দেখার জন্য’।

তিনি আরও বলেন, “আপনারা বিগত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন। আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।”
অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সমৃদ্ধি বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, আবু মেম্বার, মহিন উদ্দিন, জসিম উদ্দিন, শফিউল আজম, মোজাহারুল ইকবাল লাভলু, একরামুল হক, অ্যাডভোকেট মিহির দে এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

ক্যাটাগরি