| | |

খেলাধুলা

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, পাকিস্তানের লক্ষ্য ১৩৯ রান

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, পাকিস্তানের লক্ষ্য ১৩৯ রান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৫০ ওভারের ম্যাচে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ফলে ফাইনালে উঠতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৯ রান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেমিফাইনালে টসের পর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি। এ ছাড়া উল্লেখযোগ্য রান করতে পারেননি অন্য ব্যাটাররা।

টপ অর্ডারের ব্যর্থতায় ১০০ রান পূর্ণ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। জারিফ সিয়াম, কাউসার আহমেদ, ফরিদ হাসান ও আহসান আল মুমিনরা ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি।

আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান আল মুমিন এদিন করেন মাত্র ১ রান। অধিনায়ক ফরিদ হাসান ফয়সালের ব্যাট থেকে আসে ২৬ বলে ১৭ রান।

শেষদিকে আল রাফির ২০ ও রাকিবুল হোসেনের ২৬ রানে দেড়শ রানের কাছাকাছি যাওয়ার আশা জাগে। তবে শেষ পর্যন্ত ১৩৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রিজওয়ানউল্লাহ। তিনি একাই শিকার করেছেন পাঁচ উইকেট। মোহাম্মদ সায়েম নিয়েছেন দুটি উইকেট।

এর আগে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে যুবারা।

ক্যাটাগরি