মেসির নাম-ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে এএফএকে আইনি নোটিশ
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন লিওনেল মেসি। নিজের সম্মতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে নাম, ছবি ও ভিডিও ফুটেজ ব্যবহার বন্ধের দাবি জানিয়ে সংস্থাটিকে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তার আইনজীবীরা।
স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এএফএকে ঘিরে আর্থিক বিতর্ক এবং সংস্থাটির সঙ্গে মেসির বাণিজ্যিক অংশীদারদের মতবিরোধের জেরেই এ সিদ্ধান্ত নিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
জানা গেছে, আর্জেন্টাইন ফুটবল সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে নিজের ব্যক্তিগত ভাবমূর্তি যুক্ত করতে চান না মেসি। এ ছাড়া এএফএর এমন কিছু বাণিজ্যিক সিদ্ধান্ত আন্তর্জাতিক স্পন্সরদের সঙ্গে তার সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে।
মেসির অসন্তোষের অন্যতম কারণ, এএফএ একটি আর্জেন্টাইন বিয়ার ব্র্যান্ডকে তাদের বোতলে তার ছবি ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে মেসির বিজ্ঞাপনী চুক্তি থাকায় এ সিদ্ধান্ত বিদ্যমান বাণিজ্যিক চুক্তির সঙ্গে সংঘাত তৈরি করতে পারে।
গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন মেসি। ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ককে এদিন আবেগঘন বিদায় সংবর্ধনা দেওয়া হয়। স্পেনের বিপক্ষে ফাইনালে হারের দুই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ওই ম্যাচে খেলতে রাজি হন।
এর আগে শোনা গিয়েছিল, মেসিকে আবার মাঠে নামিয়ে বাণিজ্যিক সুবিধা নিতেই ওই ম্যাচের আয়োজন করেছিল এএফএ।