| | |

রাজনীতি

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

 

সরকারের সব কাজের অন্ধ বিরোধিতা না করে জনকল্যাণমূলক ও ভালো কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের প্রধান যোগানদাতা বিটিএমএ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা মতবিনিময় করেছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকারসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে দেশের প্রতি তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। অতীতের দলগুলোর মতো কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার সংস্কৃতি জামায়াত লালন করে না।

তিনি বলেন, জাতীয় সংসদে বর্তমান বিরোধী দল যে নীতি অনুসরণ করছে, সে অনুযায়ী সরকারের জনস্বার্থমুখী কাজে সহযোগিতা করা হবে। তবে জনস্বার্থবিরোধী কাজের প্রতিবাদ করা হবে এবং সরকারের ভুল ধরিয়ে দেওয়া হবে। সরকার যখন জনস্বার্থের বিরুদ্ধে যাবে, তখন বিরোধী দল গঠনমূলকভাবে তার প্রতিবাদ, সমালোচনা এবং প্রয়োজন হলে প্রতিরোধ করবে।

তিনি আরও বলেন, বৈঠকে উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের দেশপ্রেম, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং নিজেদের ব্যবসা ও পেশার প্রতি আন্তরিকতার প্রশংসা করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াত আমির।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি