| | |

অর্থনীতি

নগরীর চাক্তাইয়ে নিবন্ধন ছাড়াই সার মজুত, ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম নগরের বাকলিয়ার চাক্তাইয়ে এলাকায় নিবন্ধন ছাড়াই সার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এবং বাকলিয়া থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানে নিবন্ধন ছাড়াই সার সংরক্ষণ ও বিপণনের অভিযোগে ফারাহ এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে ফারাহ এন্টারপ্রাইজের ছয়টি গোডাউন থেকে টিএসপি ১ হাজার বস্তা ও ডিএপি ৫০০ বস্তা সার জব্দ করা হয়।

এ ছাড়া একই অপরাধে শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির দুটি গোডাউন থেকে এমওপি ১০০ বস্তা ও ডিএপি ৩০০ বস্তা সার জব্দ করা হয়।

অভিযানে জব্দ করা সারগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম বলেন, নিবন্ধন ছাড়া সার মজুত ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষি উপকরণ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

ক্যাটাগরি