ডেঙ্গু প্রতিরোধে হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদল।
রোববার (২০ সেপ্টেম্বর) হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। অভিযানে প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে গুরুত্ব দেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেককে গ্লাভস ও মাস্ক পরে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে দেখা যায়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা, আশপাশের পরিবেশ ও পানি জমে থাকার সম্ভাব্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি। এ সময় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে হবে। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা তৈরির এ ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখতে চাই।
আয়োজকরা জানান, ডেঙ্গু মৌসুমে সাময়িক পরিচ্ছন্নতার পাশাপাশি সারা বছর নিয়মিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা প্রয়োজন। পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।