| | |

খেলাধুলা

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি

 

সতীর্থদের একের পর এক বিদায়ের মধ্যেও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার। তাঁর শতকের সুবাদে দুইশ রানের গণ্ডি পেরিয়েছে বাংলাদেশ।

সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সাড়ে তিনশ রানের ইনিংস খেলেছিলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই ইনিংসের পর আন্তর্জাতিক টেস্টেও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। জাতীয় দলের হয়ে নিজের তৃতীয় টেস্ট খেলতে নেমেই এবার সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে মিরপুরে হারের পর দ্বিতীয় ও শেষ টেস্টেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সিলেটে টসের পর ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন হৃদয়।

১৭১তম বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। এরপর হেলমেট খুলে ব্যাটের হাতলে রেখে উদ্‌যাপন করেন ক্যারিয়ারের স্মরণীয় এই মুহূর্ত। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে হৃদয় ১৭১ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০০ রান করে অপরাজিত ছিলেন।

তাঁর সেঞ্চুরিতেই দলীয় দুইশ রানের গণ্ডি পেরিয়েছে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে তখনো ১৫১ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।

ক্যাটাগরি