চট্টগ্রামে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল তিনটায় নগরের শহীদ ফয়সল আহমেদ শান্ত মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। তিনি কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে মাইমুনুল ইসলাম মামুন বলেন, দেশ ও জাতির জন্য মেধাবী, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অর্জিত সাফল্য জীবনের একটি ধাপ মাত্র। সামনে আরও সাফল্য ও ব্যর্থতা আসবে। তবে জীবনের কোনো পর্যায়েই নৈতিকতার প্রশ্নে আপস করা যাবে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অর্জিত মেধা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার অর্থ সম্পাদক খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও ভালো ফলাফলের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সততা, নিষ্ঠা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।