আইনশৃঙ্খলা অবনতিকারীদের ছাড় দেওয়া হবে না: এমপি সরোয়ার আলমগীর
শান্ত ফটিকছড়িকে অশান্ত করার অপ্রচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
তিনি বলেছেন, সংসদীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ প্রশাসনের ভয়ের কোন কারন নেই, প্রশাসনকে সাহস যোগাতে গত সোমবার রাতে সৃষ্ট ঘটনার অপরাধীদের ধরতে রাত সাড়ে ১১টায় আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলার যৌথ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা বিদেশে বসে উসকানি দিয়ে কিশোরদের প্রলোভন দেখিয়ে মাঠে নামানোর চেষ্টা করছে। অথচ তাদের এসব কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে অভিভাবকদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা প্রতিহত করে ফটিকছড়িকে শান্ত রাখতে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়া মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সাঁওতাল ও মারমাসহ সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। তিনি সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ছাড়া জনপ্রতিনিধি, প্রশাসনসহ ফটিকছড়িবাসীর সহায়তা কামনা করেন।
তিনি ডিসেম্বর মাসে ব্যাপক আকারে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বলতে গিয়ে বলেন- ৭১সালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকা এ ফটিকছড়ি। এ জনপদ দিয়ে শহীদ রাস্ট্রপতি জিয়াউর যুদ্ধকালীন অবস্থান নিয়েছিল । ৭১সালের মুক্তিযোদ্ধা, ৯০ ও ২৪ আন্দোলনকারীদের ওই অনুষ্ঠানে রাখার নির্দেশ দেন প্রশাসনকে এমপি।
সভায় ফটিকছড়ি সংসদীয় এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে । প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিনুল হাসান, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রধানগন। পরে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।