এমবাপেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানালেন ডা. শাহাদাত
বিশ্বখ্যাত ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি চট্টগ্রামের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের রেস্ট হাউসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান তিনি। অলিভিয়ের রোঙের মাধ্যমে এমবাপের কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার অনুরোধ জানান সিটি প্রশাসক।
এ সময় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ সিটি করপোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করতে চান তারা।
তিনি বলেন, কিলিয়ান এমবাপের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকা চট্টগ্রামে এলে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও অনুপ্রাণিত হবে। সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার গুরুত্বপূর্ণ। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব।
সিটি প্রশাসক আরও বলেন, স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে চট্টগ্রাম সিটি করপোরেশন নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
আমন্ত্রণের বিষয়ে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ বলেন, বিষয়টি সম্মানজনক। ফরাসি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিলিয়ান এমবাপের কাছে আমন্ত্রণ পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
প্রতিষ্ঠানটির উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী বলেন, চট্টগ্রামের তরুণদের মধ্যে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে এমবাপে তরুণ ফুটবলপ্রেমীদের কাছে একজন আদর্শ খেলোয়াড়। তার চট্টগ্রাম সফর এ অঞ্চলের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ফ্রান্সের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) মাধ্যমে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় বড় বিনিয়োগের বিষয়টি উঠে আসে। এ বিনিয়োগের মাধ্যমে নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার টেকসই সমাধানের আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া বাংলাদেশ ও ফ্রান্সের সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ, তরুণদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।