| | |

চট্টগ্রাম

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না: মাহবুবের রহমান শামীম

নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন গণ-আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনার নির্দেশনায় দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা-কর্মীরা রাজপথে ছিলেন, একদিনের জন্যও আত্মগোপনে যাননি। এখন অনেক ফ্যাসিস্ট নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছেন। কিন্তু মনে রাখতে হবে, নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মী-সমর্থক নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফ্যাসিস্টদের বিরুদ্ধে নেতা-কর্মীদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

শিক্ষা ও সংস্কৃতির বিকাশে জেলা পরিষদের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরই গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মসজিদ-মাদ্রাসা, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিতর্ক কর্মশালা, খেলাধুলা ও বইমেলার আয়োজন করা হবে। এসব কাজে জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ধারার সাংস্কৃতিক ও সৃজনশীল চর্চা ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলা ও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে বিশেষ উদ্যোগ নিয়েছেন।

চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।

তিনি বলেন, বিগত ১৭ বছরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। একসময় যে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে অনেকে ব্যঙ্গ করেছিলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ন কবির চৌধুরী আনসার, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, মোজাম্মেল হক ভিপি, জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুদ্দিন সবুজসহ অনেকে।

ক্যাটাগরি