| | |

রাজনীতি

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে চট্টগ্রামকে নিরাপদ নগরী করতে চাই: প্রশাসক

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে চট্টগ্রামকে নিরাপদ নগরী করতে চাই: প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে ‘শারদ সম্মাননা ২০২৬’ প্রদান, সম্মাননা পেলেন ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে চট্টগ্রামকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, এমন একটি নগরী গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন। সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে আয়োজিত ‘শারদ সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শারদ সম্মাননা পর্ষদ ২০২৬ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে চট্টগ্রামের সেরা পাঁচটি পূজামণ্ডপ, পাঁচজন পূজোগ্রাফার ও পাঁচজন কনটেন্ট ক্রিয়েটরকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, শারদ সম্মাননার মতো উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের প্রতিভাবান মানুষের মেধা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে চট্টগ্রামে অনেক প্রতিভাবান মানুষ রয়েছেন। তাঁদের প্রতিভা বিকশিত ও কাজে লাগানো গেলে চট্টগ্রাম আরও এগিয়ে যাবে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

আয়োজক, বিচারকমণ্ডলী ও সহযোগীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের শ্রম ও আন্তরিক প্রচেষ্টায় ব্যতিক্রমী এ আয়োজন সফল হয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠান চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও পর্ষদের উপদেষ্টা জাহেদুল করিম কচি বলেন, গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামের উৎসবের রঙ বিশ্বদরবারে পৌঁছে যাচ্ছে। পরিবেশবান্ধব ও নান্দনিক পূজামণ্ডপগুলোকে পুরস্কৃত করার এ উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্বাগত বক্তব্যে শারদ সম্মাননা পর্ষদ ২০২৬-এর সদস্যসচিব ও মিডিয়াগ্রাফির কর্ণধার মিল্টন দাশ বিজয় বলেন, দুর্গাপূজাকে প্রথাগত জাঁকজমকের গণ্ডি পেরিয়ে শিল্প, সৃজনশীলতা ও সম্প্রীতির উৎসবে রূপ দেওয়াই তাঁদের আয়োজনের উদ্দেশ্য।

বিচারকমণ্ডলীর পক্ষে বিশিষ্ট চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ বলেন, মাঠপর্যায়ে পূজামণ্ডপ পরিদর্শনের সময় প্রতিমার সূক্ষ্ম কারুকাজ, মৌলিক ভাবনা ও পরিবেশ সচেতনতা তাঁদের মুগ্ধ করেছে। নিরপেক্ষ ও সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে সেরাদের নির্বাচন করা হয়েছে। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারা বরেণ্য চিত্রশিল্পী দীপক দত্ত ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান।

জুরি বোর্ডের মূল্যায়নে চট্টগ্রামের নিবন্ধিত ৬৪টি পূজামণ্ডপের মধ্য থেকে সেরা পাঁচটি নির্বাচিত হয়। এগুলো হলো—একতা গোষ্ঠী (গোসাইলডাঙ্গা সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির), বৈশাখী সংঘ (উত্তর কাট্টলী), খলিফাপট্টি পূজা উদযাপন পরিষদ, পতেঙ্গা শ্যামা সংঘ এবং দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদ।

সেরা পাঁচ পূজোগ্রাফার নির্বাচিত হয়েছেন শান্তা দাশ, দুর্লভ দেবনাথ, পিয়াল চৌধুরী, মো. সাজিদুর রহমান ও শাওন তালুকদার। সেরা পাঁচ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মাননা পেয়েছেন চাটগাঁইয়া কমেডি ক্লাব, জিশান চৌধুরী, শিশির পাল শুভ, বাঙালির পূজা পার্বণ ও নিশা দাশ নিহা।

শারদ সম্মাননা পর্ষদ ২০২৬-এর আহ্বায়ক ও চুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও পর্ষদ সদস্য প্রফেসর ড. প্রকাশ দাশগুপ্ত, কবি, শিক্ষক ও নজরুল গবেষক বাবলা চৌধুরী, শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের পরিচালক বাসুদেব সিংহ, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, এ জে কনস্ট্রাকশনের চেয়ারম্যান আবু জাফর, থাই ফুডের চেয়ারম্যান মাইকেল দে, চিকিৎসক ডা. ভাগ্যধন বড়ুয়া, কনটেন্ট ক্রিয়েটর আসিফ আহমেদ শোভন, অপু দ্যা স্পাইডার, সানজিদা ইসলাম সায়মা, শিপন বিশ্বাস এবং নারী উদ্যোক্তা ইশা ধর মনি।

অনুষ্ঠানের শুরুতে নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়ার নির্দেশনায় ‘নৃত্যরূপ একাডেমি’র শিল্পীরা উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন। শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় এবং অভিজিৎ দত্তের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানের শেষপর্বে অতিথি, বিচারক, আয়োজক ও সম্মাননাপ্রাপ্তদের অংশগ্রহণে ফটোসেশনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

ক্যাটাগরি