চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া, অংশ নিল সেনা-নৌ ও কোস্ট গার্ড
আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি ও সক্ষমতা যাচাইয়ে চট্টগ্রাম বন্দরে লাইভ সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোডের আওতায় এ মহড়া আয়োজন করা হয়।
বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা যাচাই ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য। বন্দর চেয়ারম্যানের নির্দেশনায় সদস্য (হারবার ও মেরিন)-এর তত্ত্বাবধানে এবং আইএসপিএস মনিটরিং সেলের সার্বিক প্রস্তুতিতে মহড়াটি পরিচালিত হয়।
মহড়ায় বন্দর স্থাপনার নিরাপত্তার তিনটি স্তর—১, ২ ও ৩ বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার অনুশীলন করা হয়। এর মধ্যে ছিল ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বন্দরে প্রবেশের চেষ্টা, অগ্নিকাণ্ড মোকাবিলা, জোরপূর্বক প্রবেশের চেষ্টা, সন্দেহজনক বস্তু শনাক্ত ও বোমা নিষ্ক্রিয়করণ এবং অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা।
মহড়ার শেষ পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর সোয়াডস ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে কনটেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটকের বিষয়টি প্রদর্শন করা হয়।
মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল, কমসোয়াডস, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
আয়োজকেরা জানান, এ মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি নিরাপত্তা পরিস্থিতিতে সমন্বিতভাবে সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করা হয়েছে। আন্তর্জাতিক আইএসপিএস কোড অনুসরণ করে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের কার্যক্রম অব্যাহত থাকবে।