| | |

চট্টগ্রাম

সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই: চসিক প্রশাসক

সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, সংক্রামক রোগের বিস্তার রোধে নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) নগরীর হাতেখড়ি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশন (WSUP) এবং হাতেখড়ি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রায় ৬০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাকালে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব সবাই উপলব্ধি করেছেন। কিন্তু সময়ের সঙ্গে অনেকেই সেই অভ্যাস থেকে দূরে সরে গেছেন। অথচ হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে সংক্রামক রোগ সৃষ্টি করতে পারে। তাই খাবার গ্রহণের আগে ও পরে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষা দিতে হবে।

তিনি আরও বলেন, পবিত্রতা ও পরিচ্ছন্নতা আমাদের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা। শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতা নয়, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং ফুটপাত দখল করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবার-পরিজন ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। কোথাও ফুটপাত দখল করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করতে দেখলে প্রতিবাদ করতে হবে। একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তোলা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব।

নগর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। সড়ক উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, সাইকেল ট্র্যাক নির্মাণসহ নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তবে পরিকল্পিত নগর গড়ে তুলতে সব সেবা প্রদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এ জন্য নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও রয়েছে।

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও কার্বন নিঃসরণ নগরজীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় নগরজুড়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন বাড়াতে হবে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রত্যেকের নামে একটি করে গাছ রোপণ ও পরিচর্যার কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি হবে।

নাগরিক সেবার আধুনিকায়ন প্রসঙ্গে ডা. শাহাদাত বলেন, নগরবাসীর সমস্যা ও অভিযোগ দ্রুত জানার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে অ্যাপভিত্তিক সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে ঘরে বসেই ময়লা-আবর্জনা, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সমস্যা সম্পর্কে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতেখড়ি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর সেকান্দর, বিএনপি নেতা হাসান রুবেল, চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী গোলাম মোরশেদ এবং WSUP-এর অপারেশন ম্যানেজার মোহাম্মদ খোরশেদ।

বিশেষ অতিথির বক্তব্যে বিষ্ণু কুমার সরকার বলেন, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রোগজীবাণুর বিস্তার কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিতির হার কমাতেও সহায়তা করে। এটি শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে ভূমিকা রাখে।

WSUP-এর অপারেশন ম্যানেজার মোহাম্মদ খোরশেদ জানান, গত চার বছরে সংস্থাটি চট্টগ্রাম নগরীর প্রায় ৭৫ হাজার বাসিন্দাকে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া নগরীর ৪১টি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক শৌচাগার এবং কমিউনিটি পর্যায়ে ৪৩৮টি নারীবান্ধব শৌচাগার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি নগরীর ২২টি ওয়ার্ডের স্বল্প আয়ের এলাকাসহ সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়গুলোতে ৩১০টি পানির সংযোগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পানি ও স্যানিটেশন খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। এ ছাড়া হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতাবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ক্যাটাগরি