| | |

আইন-আদালত

দুই দফা অভিযানে আগ্রাবাদের বালুর মাঠ শতভাগ দখলমুক্ত করল সিডিএ

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ নামে পরিচিত ১ দশমিক ৭৩ একর আয়তনের প্লটটি শতভাগ দখলমুক্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। দুই দিনের সময়সীমা শেষ হওয়ার পর বুধবার (১৮ নভেম্বর) দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সিডিএর ভ্রাম্যমাণ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পে-লোডার দিয়ে অননুমোদিত চৌধুরী সুপারশপ ও এমিগো স্পোর্টস সেন্টার ভেঙে ফেলা হয়।

এর আগে গত রোববার (১৫ নভেম্বর) সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নির্দেশনায় প্রথম দফায় উচ্ছেদ অভিযান চালানো হয়। সেদিন পে-লোডার দিয়ে মাঠের প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে ওঠা অধিকাংশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। তবে মানবিক বিবেচনায় চৌধুরী সুপারশপের মালামাল ও এমিগো স্পোর্টস সেন্টারের জেনারেটর রুম সরিয়ে নিতে দুই দিন সময় দেওয়া হয়।

নির্ধারিত সময় শেষ হওয়ার পর বুধবার দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে এসব স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে পুরো ১ দশমিক ৭৩ একরের প্লটটি অবৈধ দখলমুক্ত হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা তানজিব হোসেন বলেন, সিডিএ চেয়ারম্যানের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। সিডিএর আওতাধীন এলাকায় অননুমোদিত স্থাপনা নিয়ন্ত্রণ ও সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরবাসীর বসবাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি সম্পত্তি রক্ষায় তাঁরা বদ্ধপরিকর। যে উদ্দেশ্যে ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্যেই এর ব্যবহার নিশ্চিত করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ওই প্লটে যাতে নতুন করে কোনো অননুমোদিত স্থাপনা গড়ে উঠতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে দুই দফা অভিযানে পুরো মাঠ দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দারা। স্থানীয়দের ভাষ্য, কয়েক প্রজন্ম ধরে এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছেন তাঁরা। কিন্তু দীর্ঘদিন অবৈধ দখল ও মাদকের আখড়া গড়ে ওঠায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। সিডিএর এ পদক্ষেপে আবাসিক এলাকার পরিবেশ ফিরে আসবে বলে আশা করছেন তাঁরা।

 

ক্যাটাগরি