| | |

আইন-আদালত

হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, এ ধরনের হামলা করে তাঁদের দমিয়ে রাখা যাবে না। তিনি এ ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত বলে ব্যক্তিগতভাবে মনে করছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নুসরাত তাবাসসুম বলেন, ‘দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তী সময়েও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি অপরিচিত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরেও একাধিক হুমকিমূলক ফোন পান তিনি। গত মঙ্গলবার পুরো ঘটনা উল্লেখ করে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও তাঁকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নুসরাত দাবি করেন, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট দেওয়া হয়েছিল। তাঁর ভাষায়, সেটি ছিল হুমকিমূলক পোস্ট।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তাঁর বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রল বোমা হামলা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলেও উল্লেখ করেন তিনি।

বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য নাকচ করে নুসরাত বলেন, এটি তাঁদের বসতবাড়ি। সেখানে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছে। পরিবারটি বাড়ির দেখাশোনা করত। বাড়িতে গবাদিপশুর খামারও ছিল। আগুনে বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে দেরি হয়। এতে বাড়ির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত আলামত সংগ্রহ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, কারা এ ঘটনার পেছনে রয়েছে, তা তদন্ত করে বের করতে হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অস্বীকার আশা করেন না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নুসরাত বলেন, সংসদ সদস্য বা নীতিনির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিরাও নিরাপদ নন। সাধারণ মানুষের মতো তাঁদের জীবনও অনিরাপদ হয়ে পড়েছে। দায়িত্ব পালন করতে না পারলে সংশ্লিষ্টদের পদ ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমুদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্র কতটুকু দায়িত্ব নিতে পারে, তা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হবে।

ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্নের জবাবে নুসরাত বলেন, হামলার আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছেন তিনি। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট দিয়ে উল্লাস প্রকাশ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে এসব দাবির বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার আহ্বান জানান।

স্থানীয় কারও সংশ্লিষ্টতা আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, নিজের এলাকার মানুষকে তিনি সন্দেহ করেন না। ব্যক্তিগতভাবে এ ঘটনার পেছনে আওয়ামী লীগ রয়েছে বলে মনে করেন তিনি।

এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে বিকট শব্দ শোনার পর গবাদিপশু রাখার ঘরে আগুন দেখতে পান তাঁরা।

আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং গবাদিপশু অন্যত্র সরিয়ে নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে। পরিবারের সদস্যদের কোনো ক্ষতি না হলেও বাড়ির কেয়ারটেকারের পরিবারের একটি শিশু আহত হয়েছে।

ক্যাটাগরি