খাগড়াছড়িতে বিশ্ব শান্তি জাদির ছাদ ঢালাই উদ্বোধন
খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ায় অবস্থিত ‘বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি’ ভবনের প্রথম ধাপের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি।
শুক্রবার (২৭ নভেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ কাজের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ ধর্মীয় প্রার্থনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।
সকাল থেকে জাদি প্রাঙ্গণে ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলুন উড়িয়ে নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়।
ধর্মীয় প্রার্থনা সভায় বাংলাদেশের অব্যাহত অগ্রগতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পার্বত্য অঞ্চলসহ দেশের মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মন্ত্রী ও সংসদ সদস্যরা ভক্তদের সঙ্গে প্রার্থনায় অংশ নেন।
উল্লেখ্য, সাতভাইয়া পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী এ জাদির প্রতিষ্ঠাতা বান্দরবানের ক্যলমংপাড়ার বাসিন্দা উক্যচিং মার্মা, যিনি স্থানীয়ভাবে কেতু মার্মা নামে পরিচিত।
অনুষ্ঠান শেষে পরিবেশ সুরক্ষা ও শান্তির প্রতীক হিসেবে মন্ত্রী সাচিং প্রু উপস্থিত তিন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে জাদি প্রাঙ্গণে নাকশা ফুলের চারা রোপণ করেন।