স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম মহানগর জামায়াতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি, প্রার্থী ও পোলিং এজেন্টদের দায়িত্ব এবং প্রচার কৌশল নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখা।
শুক্রবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। কর্মশালায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আবদুর রব।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং নির্বাচনী কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানো জরুরি। নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ব্যবস্থাপনা, সঠিক পরিকল্পনা, দায়িত্বশীল নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, প্রার্থী, কর্মী, পোলিং এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। ভোটারদের আস্থা অর্জন, স্থানীয় সমস্যা ও প্রত্যাশা উপলব্ধি এবং নির্বাচনী বিধিবিধান সম্পর্কে সচেতন থাকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান আলোচক উপাধ্যক্ষ আবদুর রব বলেন, নির্বাচনে সাফল্যের জন্য আগাম প্রস্তুতি ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা অপরিহার্য। প্রার্থীদের নির্বাচনী এলাকার মানুষের চাহিদা ও সমস্যাগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। পাশাপাশি কর্মীদের দায়িত্ব বণ্টন, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং পোলিং এজেন্টদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাংগঠনিক দক্ষতা, আগাম প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রার্থী নির্বাচন, প্রচার কার্যক্রম, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং ভোটকেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের ওপর তিনি গুরুত্ব দেন।
কর্মশালায় নির্বাচন ব্যবস্থাপনা, প্রার্থী ও নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব, নির্বাচনী প্রচারণা এবং ডিজিটাল ক্যাম্পেইন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উন্মুক্ত আলোচনা ও মতামত বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয় তুলে ধরার সুযোগ দেওয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মশালার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি জোরদার, দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততামূলক কার্যক্রম আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।