৩৪ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদানে যুক্তরাষ্ট্রের সহায়তা
বাংলাদেশে হাম ও রুবেলা প্রতিরোধে চলমান ক্যাচ-আপ টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজির আওতায় ইউনিসেফের মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস নোটে এ তথ্য জানিয়েছে।
দেশে হাম ও রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা দিতে গত ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী এ টিকাদান কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মার্কিন দূতাবাসের শার্জে দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান বুধবার ঢাকার বনানীর কড়াইলের টি অ্যান্ড টি মাঠে চলমান টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদ।