অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান
চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আসামি গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খানকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম পুলিশ লাইন সিবিক সেন্টার হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) তার হাতে সম্মাননা তুলে দেন। পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়ি থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে সাফল্যের জন্য রবিউল আলম খানকে এ সম্মাননা দেওয়া হয়েছে। একাধিক আলোচিত মামলার অস্ত্রধারী ও দুর্ধর্ষ আসামিদের গ্রেপ্তারেও ফটিকছড়ি থানা পুলিশের সাফল্য রয়েছে।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে চারটি আগ্নেয়াস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখায় ওসি রবিউল আলম খান জেলা পুলিশের পক্ষ থেকে সাহসিকতা ও সফল অভিযানের বিশেষ স্বীকৃতি পান। একই অনুষ্ঠানে গত এক মাসে চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে সর্বোচ্চ ১১টি মামলা নিষ্পত্তি করায় ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমানকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ভবিষ্যতেও শতভাগ পেশাদারিত্বের সঙ্গে ফটিকছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবেন।