| | |

চট্টগ্রাম

শহীদ আবরার ফাহাদের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে – মাওলানা মুহাম্মদ শাহজাহান

আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে ‘আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

বুধবার চট্টগ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদের প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পক্ষে কথা বলার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাঁর শাহাদাত আমাদের তরুণ প্রজন্মের জন্য অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়ানোর শিক্ষা দেয়। শহীদ আবরারের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়।

তিনি বলেন, শিক্ষাঙ্গন হবে জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও নৈতিক নেতৃত্ব তৈরির স্থান; সেখানে কোনো ধরনের সন্ত্রাস, দখলদারিত্ব, দলীয় আধিপত্য কিংবা নির্যাতনের স্থান থাকতে পারে না। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে সুষ্ঠু, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। শহীদ আবরার ফাহাদ হত্যার বিচারের রায় দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে শিক্ষাঙ্গনে অতীতে সংঘটিত সব নিপীড়ন ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাইমুনুল ইসলাম মামুন বলেন, শহীদ আবরার ফাহাদের শাহাদাত শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। তিনি শিক্ষাঙ্গনে সব ধরনের সন্ত্রাস, নিপীড়ন ও আধিপত্যের অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের মহানগর দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ আবরার ফাহাদসহ নিপীড়ন ও অন্যায়ের শিকার সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ক্যাটাগরি