| | |

চট্টগ্রাম

ফটিকছড়িতে রাতে মন্দিরে হানা, গহনা ও প্রণামীর টাকা নিয়ে গেল দুর্বৃত্তরা

চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরের তালা ভেঙে প্রতিমার গহনা ও দানবাক্সের প্রণামীর টাকা চুরির অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়কের শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার গায়ে থাকা গহনা এবং দানবাক্সে থাকা প্রণামীর টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার সকালে মন্দিরে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।

মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া গহনা ও নগদ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা বা তার বেশি হতে পারে।জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ক্যাটাগরি