ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের চেহারা বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মুখ খুলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়াকে বিনোদন নয়, বরং অপরাধ বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়, বরং অপরাধ।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর সেখানে প্রকাশিত এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে। পরে হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি। তবে এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
মেহজাবীনের মতে, এ ধরনের কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ যখন শেয়ার করতে থাকেন, তখন বিষয়টি আর শুধু একজনের অপরাধে সীমাবদ্ধ থাকে না। বরং এটি বড় ধরনের সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে।
মানুষের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি তুলে ধরে অভিনেত্রী বলেন, কাউকে মানুষ হিসেবে সম্মান করতে হলে তাকে নিজের পরিবারের সদস্য হতে হবে কেন? তার মতে, কারও মা কিংবা বোনের সঙ্গে এমন ঘটনা ঘটলে কী হতো—এ ধরনের উদাহরণ টানারও প্রয়োজন নেই। কারণ, প্রত্যেক মানুষেরই সম্মান পাওয়ার অধিকার রয়েছে।
সামাজিক মাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেহজাবীন। তিনি স্বীকার করেন, অনেকের কাছে কনটেন্ট তৈরি জীবিকা নির্বাহের মাধ্যম। তবে অন্য একজন মানুষকে অপমান ও অসম্মান করে আয় করার প্রবণতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মেহজাবীনের ভাষায়, ‘কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠল?’
অভিনেত্রী আরও বলেন, এ সমস্যা এখন নারী কিংবা পুরুষ—কোনো একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ ও এনগেজমেন্টের প্রতিযোগিতায় যে কেউ ক্ষতিকর কনটেন্ট তৈরির অংশ হতে পারেন, আবার যে কেউ এর শিকারও হতে পারেন।
শুধু যারা এ ধরনের ভিডিও তৈরি করছেন, তাদের নিয়েই উদ্বিগ্ন নন মেহজাবীন। বরং যারা স্বেচ্ছায় এসব ভিডিও শেয়ার করছেন, আলোচনা করছেন এবং আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তিনি।
পোস্টের শেষাংশে এসব কনটেন্ট শেয়ার করার আগে নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রাখার আহ্বান জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।’