মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল: মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি এই হাসপাতাল চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষায় অবদান রাখছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হাসপাতাল ক্যাম্পাসে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়। এ রোগের বিস্তার কমাতে চট্টগ্রাম সিটি করপোরেশন মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে কাজ করছে। তিনি নবীন চিকিৎসকদের রোগীদের সঙ্গে মানবিক আচরণ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সদস্য ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশিদ জামিল চৌধুরী।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কমিটির জেনারেল সেক্রেটারি ও মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মো. রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, তারিকুল ইসলাম তানভীর, অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন ও মো. সাইফুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. মহিউদ্দিন। নবীন চিকিৎসকদের শপথ পাঠ করান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া। এ সময় তিনি নবীন চিকিৎসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। আরও বক্তব্য দেন হাসপাতালের পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম।
ডা. তাহমিদা বিনতে ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।