| | |

চট্টগ্রাম

ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা

 

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার কাজীরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জ্বালানি কাঠ ও গোলকাঠবোঝাই একটি চাঁন্দের গাড়ি (জিপ) জব্দ করেছে বন বিভাগ। এ ঘটনায় বন আইনে দুটি মামলা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম উত্তর বন বিভাগের হারুয়ালছড়ি রেঞ্জ কর্মকর্তা ও বন বিভাগের কর্মীরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা চাঁন্দের গাড়িতে আনুমানিক ৭০ ঘনফুট জ্বালানি কাঠ পাচার করা হচ্ছিল। এ ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া একই অভিযানে পৃথক আরেকটি ঘটনায় ১৫ ঘনফুট জ্বালানি কাঠ এবং ৩২ ঘনফুট পরিমাণের ৩৫ টুকরা বিভিন্ন প্রজাতির গোলকাঠ জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে আরও একটি বিবিধ মামলা দায়ের করা হয়েছে।

জব্দ করা গাড়ি, আকাশমণি ও অন্যান্য প্রজাতির গোলকাঠ এবং জ্বালানি কাঠ বর্তমানে হারুয়ালছড়ি রেঞ্জ অফিসের হেফাজতে রয়েছে।

হারুয়ালছড়ি রেঞ্জ কর্মকর্তা আতিকুর রহমান জানান, বন অপরাধ দমন এবং সরকারি বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি