| | |

চট্টগ্রাম

অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর

 

মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে উপজেলার পর এবার ইউনিয়ন পর্যায়ে মাদক ও সন্ত্রাস বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সংসদীয় এলাকার কাঞ্চননগর ইউনিয়নে প্রায় ৫কিলোমিটার দীর্ঘ মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালিটি অনুষ্ঠিত হয় । এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চুমুরহাট থেকে র‍্যালিটি শুরু হয়ে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

সমাবেশে সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আগামী প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ এবং ফটিকছড়ি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে সবাইকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন হতে হবে। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অভিভাবকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, সন্তানরা সন্ধ্যার পর কোথায় যায় এবং কী করে, সে বিষয়ে অভিভাবকদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারিদের এ অঞ্চলে কোনো স্থান হবে না। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত ফটিকছড়ি গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে কাঞ্চননগরবাসীর বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, কাঞ্চননগরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মুনসুর আলম চৌধুরী,কাঞ্চননগর ইউপি সাবেক চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, কাঞ্চননগর ইউপি সাবেক চেয়ারম্যান কাসেম চৌধুরী, হান্নান চৌধুরী, মোজাম্মেল হক, শফিউল আজম, নাছির উদ্দীন, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু, ইসমাইল হোসেন, মো. কাদের, সাহাব উদ্দিন,সাজিদুলসহ দলীয় নেতাকর্মীরা।

এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন।

ক্যাটাগরি