চবি ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষায় দাতব্য প্রতিষ্ঠান ‘অথেন্টিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ কর্মসূচির উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অথেন্টিক ফাউন্ডেশনের পাঁচ বছর মেয়াদি মিশন ‘গ্রীনসোল: ৫০০০ ট্রিজ ফর আর্থ’-এর আওতায় ‘সবুজপ্রাণে সাজাই দেশ, সজীব রাখি পরিবেশ’ প্রতিপাদ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা উপাচার্যের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “বনায়নের জন্য অথেন্টিক ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তার জন্য চবি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সদস্যদের বলিষ্ঠ নেতৃত্ব, লব্ধ জ্ঞান, একাগ্রতা ও এ ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করবে।” উল্লেখ্য, অথেন্টিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের সঙ্গে সমন্বয় করে পুরো ক্যাম্পাসজুড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। কর্মসূচির প্রথম ধাপে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ২৫০ থেকে ৩০০টি গাছের চারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রদান করছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অথেন্টিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।