ফটিকছড়িতে মাসব্যাপী বিজয়মেলা, ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দংয়ে মাসব্যাপী বিজয়মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির পাইন্দংয়ের ফেলাগাজী দিঘীর মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকা ফটিকছড়ি। এ অঞ্চলের মধ্য দিয়েই তিনি ভারতে গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে ফটিকছড়ির হেঁয়াকো এলাকায় ফিরে প্রায় এক মাস অবস্থান করেছিলেন। সেই গৌরবোজ্জ্বল ইতিহাস ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, লোকসংগীত ও লোকজ ঐতিহ্যভিত্তিক নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়মেলা অনুষ্ঠিত হবে। মেলায় কোনো ধরনের কুসংস্কার, অন্যায় কিংবা চাঁদাবাজির সুযোগ থাকবে না। সব আয়োজন শালীনতা, শৃঙ্খলা ও সুন্দর পরিবেশে সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহযোগিতাকারীদের নিয়ে দিনব্যাপী বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৯৭১ সালে ফটিকছড়ি থেকে যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
সংসদ সদস্য বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। ফটিকছড়ির মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ, যা গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, আহমেদ হোসেন তালুকদার, বিজয়মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, কো-চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, আবু আজম তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, আব্দুল মালেক, মোজাহারুল ইকবাল লাভলু, আহমদ রশিদ চৌধুরী, নুরুল আলম, নাজমুল হোসেন লিটন, দৌলত মিয়াসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।